বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে দুই দেশ। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা (এফওসি) শেষে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছায় বাংলাদেশ ও কিরগিজস্তান।
আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। কিরগিজস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাইরাত তুরসুনকুলভ। বাংলাদেশের উজবেকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত ড. এম মনিরুল ইসলামও প্রতিনিধিদলে ছিলেন।
দুটি সমঝোতা স্মারক সই
আলোচনার অংশ হিসেবে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি ২০২৬-২০২৭ মেয়াদে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়েও আরেকটি সমঝোতা স্মারক সই করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০২৭ সালে বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উদযাপনে সম্মত হয়েছে দুই দেশ।
বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বস্ত্র, তৈরি পোশাক, ওষুধশিল্প ও তথ্যপ্রযুক্তিকে সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া কিরগিজস্তানে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শিক্ষা, বৃত্তি, খেলাধুলা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের কিরগিজস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে মেডিকেল কলেজে পড়াশোনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি প্রক্রিয়ায় নিয়মিত ও বৈধ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার
জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং সাংহাই সহযোগিতা সংস্থাসহ (এসসিও) বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ।
আলোচনা শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে কিরগিজস্তান সফরের আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কিরগিজস্তানের সমর্থন চাওয়া হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও দেশটির সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
দুই পক্ষই আশা প্রকাশ করেছে, এ আলোচনা দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক ও ফলাফলমুখী সহযোগিতার নতুন ভিত্তি তৈরি করবে। পাশাপাশি উভয় দেশের সুবিধাজনক সময়ে ঢাকায় তৃতীয় দফা পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে তারা।
সূত্র: বাসস