সৌদি আরবে বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে সরকার। এ ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং আহত অনেকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শ্রম উইং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।
বিমানবন্দরে হয়রানির অভিযোগ জানাতে ইমেইলের পরামর্শ
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইমেইলে পাঠানোর অনুরোধ জানান তিনি।
শ্রমজীবী নারীদের জন্য হোস্টেল ও হাসপাতাল চালুর উদ্যোগ
এদিকে নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীদের নিরাপদ আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতাল পরিদর্শন করেছেন মন্ত্রী। আগামী ৭ নভেম্বর প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস