Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

যুক্তরাজ্যে পাঠানোর নামে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সিলেটে পাঁচ মামলার আসামি ‘সাকি’ ঢাকায় গ্রেপ্তার

১৩ অক্টোবর ২০২৬ • ১০:৩৫ অপরাহ্ন

সিলেট :

যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের একাধিক মামলার পলাতক আসামি মোঃ মাহফুজুর রহমান সাকি (২৫)কে ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-৩-এর যৌথ আভিযানিক দল।

সোমবার (১২ অক্টোবর) এসআরবি-৯, সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (১১ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগরীর রমনা থানাধীন ফরচুন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার সাকি সিলেটের মোগলাবাজার থানার রাখালগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় দায়ের করা পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’ নামের একটি ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে বিদেশে পাঠানোর আশ্বাস দিতেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় সিলেটের অন্তত ৫০ জনের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দায়ের করা একাধিক মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-৯ ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেটের বাসিন্দা ফাহিমা বেগমের মেয়ে লামিছা মাকসুদা ও জামাতা মো. মামুনুর রহমানকে যুক্তরাজ্যে পাঠানোর আশ্বাস দিয়ে ৩২ লাখ ৫০ হাজার টাকা দাবি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ফাহিমা বেগম নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট ৩১ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন।

তবে দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় লেনদেন অস্বীকার, তাঁকে ও তাঁর সঙ্গীদের ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এসআরবি-৯ ও এসআরবি-৩-এর যৌথ অভিযানে গ্রেপ্তারের পর সাকিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযান-সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

বিজ্ঞাপন channeljaintanews24.com