জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদী দর্শন, সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সিলেটের জৈন্তাপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এবতেদায়ি, দাখিল ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীরাও প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে নিজেদের প্রতিভা তুলে ধরে।
প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত ও গজল, হামদ-নাত, একক অভিনয়, একক নৃত্য, চিত্রাঙ্কন, রচনা, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতার মতো নানা আয়োজন ছিল। কবির কালজয়ী ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘নারী’, ‘সংকল্প’ ও ‘কাণ্ডারি হুঁশিয়ার’সহ বিভিন্ন কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা নজরুলের মানবতাবাদী দর্শন ও প্রতিবাদী চেতনা তুলে ধরে।
রচনা প্রতিযোগিতায় ‘তারুণ্য ও নজরুল’, ‘আমার চোখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ এবং ‘নজরুল সাহিত্য ও সংগীতে ইসলামের সাম্যের ধারণা’সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়। চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েও শিক্ষার্থীরা কবির জীবন, সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরে।
পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা একক ও দলীয় নজরুলসংগীত, নৃত্য, ইসলামি সংগীত এবং কবিতা পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬-এর উপজেলা পর্যায়ের কর্মসূচি সম্পন্ন হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা চর্চার সুযোগ তৈরি হয়েছে।