জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৯ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, টমেটো, জিরা, ফলমূল, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা ও জুস। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
৪৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধভাবে পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মালামাল আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।