সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯০ বোতল অবৈধ ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। মদগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পশ্চিম পাশে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামের মো. মোজাম্মেল হক (৩৬) ও মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং হারুয়ারকান্দা গ্রামের মো. নাজমুল হাসান হৃদয় (২৮)।
জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মুকুল খাঁন, এএসআই মো. খাদেমুল ইসলাম ও কনস্টেবল দীপক মুন্ডাসহ ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ট্রলি ও কাগজের কার্টুন তল্লাশি করে ৩৭৫ মিলিলিটারের ৮০ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং ৭৫০ মিলিলিটারের ১০ বোতল ‘রয়্যাল গ্রিন’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা মদের পরিমাণ ৯০ বোতল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।