কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিসিটিভি ক্যামেরাবিহীন পাঁচটি মণ্ডপে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যামেরার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমীরণ দাস, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার ধ্রুব, সিলেট জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক খোকন রঞ্জন দে, উপজেলা পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নারথ বিশ্বাসসহ উপজেলার ২৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় দুর্গাপূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, পূজামণ্ডপের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব এবং নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন থানার সেকেন্ড অফিসার সমীরণ দাস ও আনসার-ভিডিপি কমান্ডার ধ্রুব।
সিলেট জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক খোকন রঞ্জন দে ও উপজেলা পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নারথ বিশ্বাস পূজা উদ্যাপন-সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
সভায় জানানো হয়, সরকারের পক্ষ থেকে উপজেলার প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সভা উপলক্ষে ইউএনও মো. রবিন মিয়া চাল বিতরণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এ ছাড়া উপজেলার ২৫টি পূজামণ্ডপের মধ্যে ১০টিতে সিসিটিভি ক্যামেরা নেই বলে সভায় উল্লেখ করা হয়। এর মধ্যে পাঁচটি মণ্ডপে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। বাকি পাঁচটি মণ্ডপে ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে খোকন রঞ্জন দে ও নারথ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়।
পূজার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বৈদ্যুতিক সমস্যার দ্রুত সমাধানের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়। নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন ইউএনও মো. রবিন মিয়া।