Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

আজ নির্ধারিত হতে পারে ইউপি নির্বাচনের সময়সূচি, বসছে ইসি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ন

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। সভার আলোচ্যসূচিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণসহ স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা রয়েছে।


বৈঠকে ইউপি নির্বাচন কতটি ধাপে বা স্লটে অনুষ্ঠিত হবে এবং সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউপি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঠিক করে ঘোষণা করা হবে।


তিনি জানান, ইউপি নির্বাচনের তফসিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন নির্বাচনের স্লট বা ধাপ নির্ধারণ করে দেবে।


এ ছাড়া সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।


সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদনসহ বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে।


ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের এ বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় সরকার নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: দৈনিক যুগান্তর

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com