Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ০৪:০২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের অনন্য সম্পদ: বাণিজ্যমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ০৪:০২ অপরাহ্ন

সিলেট : বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিকে দেশের অনন্য সম্পদ হিসেবে উল্লেখ করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) সকালে সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক বড় গণতান্ত্রিক দেশেও বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতির নজির দেখা যায় না। এই সম্প্রীতি ও সহাবস্থানের সংস্কৃতি ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।


তিনি বলেন, সিলেটের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ও পরে তিনি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা সমাধানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাজ করছেন। সবাইকে সঙ্গে নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান দেওয়ায় তিনি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


সিলেট নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৫০০ কিলোমিটারের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। বাকি সড়কগুলোর উন্নয়নেও দরপত্র আহ্বান করা হয়েছে। একইভাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কগুলোর উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ক্বিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ, হরিজন সম্প্রদায়ের মানুষের আবাসনের ব্যবস্থা এবং নগরবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে চেঙ্গেরখালের পানি শোধন করে সরবরাহের জন্য বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে।


অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পূজামণ্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।


সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।


অনুষ্ঠানে সিলেট নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকার অনুদান তুলে দেন বাণিজ্যমন্ত্রী।


ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com