Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি সভা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১০ অক্টোবর ২০২৬ • ০৭:৩৯ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।


সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাহমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর মোহাম্মদ সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু।


সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপন করতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তাঁরা আরও বলেন, পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সভায় আলোচনা হয়।


সভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com