Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গুজব-অপতথ্য ঠেকাতে জকিগঞ্জ পুলিশের কড়া সতর্কতা

০৮ অক্টোবর ২০২৬ • ০৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো সাম্প্রদায়িক বা স্পর্শকাতর তথ্য ফেসবুকে পোস্ট, লাইক, কমেন্ট ও শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু ব্যক্তি যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক ও স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, মন্তব্য ও শেয়ার করছেন। এসব তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করা হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যাতে পরিস্থিতি জটিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো স্পর্শকাতর তথ্য পাওয়ার পর আবেগতাড়িত হয়ে তা প্রচার না করে আগে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সাম্প্রদায়িকসহ যেকোনো স্পর্শকাতর বিষয়ে ফেসবুকে পোস্ট, লাইক, কমেন্ট বা শেয়ার করার আগে তথ্যটি অবশ্যই যাচাই-বাছাই করতে হবে। একটি মিথ্যা তথ্য, অপতথ্য বা গুজবও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।


তিনি বলেন, বিশেষ করে ধর্মীয় ও সাম্প্রদায়িক বিষয়ে কোনো তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে কেউ যেন তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করেন। কোনো উত্তেজনাকর বা সন্দেহজনক তথ্য চোখে পড়লে সেটি ছড়িয়ে না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করছি।


ওসি আরও বলেন, কেউ যেন গুজব বা অপতথ্যে বিভ্রান্ত না হন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গুজব বা উসকানিমূলক প্রচারণা নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।


পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com