Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি: ছাতকের ইউএনও

০৬ অক্টোবর ২০২৬ • ০২:৩৬ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের মতো নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।


তিনি বলেন, অনলাইন প্রযুক্তির অপব্যবহারের কারণে নতুন প্রজন্মের একটি অংশ ডিজিটাল জুয়া ও নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এ থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি রাত্রিকালীন খেলাধুলা পরিহার করে সন্তানদের লেখাপড়ায় মনোনিবেশ করাতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


রোববার (৪ অক্টোবর) ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা এবং আল জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আল জালাল মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান ও ইসলাম উদ্দিন।


অনুষ্ঠানে মাদ্রাসার নাজিম মাওলানা ফখরুল ইসলাম, অভিভাবকদের পক্ষে মাওলানা আনোয়ার হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।


পরে মাদ্রাসার ৫৩০ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা এবং ৬০০ জন ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com