নাইওরপুলে বস্তা ফেলে পালালেন ব্যক্তি, মিলল ২০০ বোতল ভারতীয় শ্যাম্পু
সিলেট:
সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে ট্রাফিক পুলিশের চেকপোস্ট দেখে বস্তা ফেলে এক ব্যক্তি পালিয়ে গেছেন। পরে ওই বস্তা থেকে ২০০ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (৫ অক্টোবর) নাইওরপুল পয়েন্টে নিয়মিত যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের নেতৃত্বে নগরীর বিভিন্ন পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ ও নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় সার্জেন্ট মো. শাফকাত ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নাইওরপুল পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন।
নিয়মিত চেকপোস্ট দেখে এক ব্যক্তি একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে উপস্থিত পুলিশ সদস্যদের সামনে বস্তাটি খুলে এর ভেতরে ২০০ বোতল ভারতীয় শ্যাম্পু পাওয়া যায়।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা পণ্যসামগ্রীর বৈধতা সংক্রান্ত কোনো সুস্পষ্ট কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্ট পাওয়া যায়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দ করা মালামাল সিলেট মেট্রোপলিটন পুলিশের সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা পণ্যসামগ্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।