সাংবাদিক সাদিকুরের বাসায় হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি সিলেট অনলাইন প্রেসক্লাবের
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও জাতীয় দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জের ধরে একজন সাংবাদিকের বাসায় হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরি।
তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক সরকারের সময়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে একজন সাংবাদিকের বাসায় হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে সিলেটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, এর আগে সিলেট নগরীর শিববাড়ি এলাকায় সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন, পিস্তল দেখানো এবং নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন।
পরদিন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবও ঘটনাটির প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানায়।