সিলেট :: সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ধারাবাহিক অভিযানে দুই দিনে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, ১ অক্টোবর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানার আসামি, মাদক কারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন। এ অভিযানে ভারতীয় ফেসওয়াশ, সিরাম, ক্রিম ও ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওই ২৪ ঘণ্টায় এসএমপির ট্রাফিক বিভাগও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৫২টি যানবাহন আটক করা হয়।
এর পরদিন ২ অক্টোবর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ২৬ জনকে গ্রেপ্তার করে এসএমপি। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ও মেট্রো অধ্যাদেশে গ্রেপ্তার আসামি রয়েছেন। এদিনের অভিযানে ৮১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।
সব মিলিয়ে ১ ও ২ অক্টোবরের ৪৮ ঘণ্টায় এসএমপির অভিযানে মোট ৭২ জন গ্রেপ্তার এবং ট্রাফিক বিভাগের অভিযানে ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযানে ভারতীয় প্রসাধনী, ৪১ পিস ইয়াবা ও ৮১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।