Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:০০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে তথ্য অধিকার দিবসে অপতথ্য প্রতিরোধে সচেতনতার তাগিদ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:০০ অপরাহ্ন

সিলেট : তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার। তিনি বলেছেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও অপতথ্য প্রতিরোধে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের সহজপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে হাছিনা আক্তার বলেন, সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, চুক্তি, মানচিত্রসহ আইন অনুযায়ী যেসব তথ্য জনগণের পাওয়ার অধিকার রয়েছে, সেসব তথ্য নির্ধারিত পদ্ধতিতে আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সরবরাহ করতে বাধ্য। তথ্য প্রাপ্তির আবেদন, তথ্যের মূল্য প্রদান, তথ্য সরবরাহের নির্ধারিত পদ্ধতি, আপিল ও অভিযোগের সুযোগ এবং তথ্য প্রদানে ব্যর্থতার ক্ষেত্রে আইনে নির্ধারিত ব্যবস্থা সম্পর্কে জনগণের জানা প্রয়োজন।


তিনি বলেন, তথ্য অধিকার আইন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ আইন। এ আইনের মাধ্যমে জনগণ সরকারের কাছে তথ্য চাইতে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পায়। তবে আইনে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ও তথ্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো তথ্য প্রকাশের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা সম্ভব হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য প্রদানের বিষয়টিও আইনে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারণা অর্জন এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।


হাছিনা আক্তার আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে খুব দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। এর পাশাপাশি মিথ্যা, বিভ্রান্তিকর ও অপতথ্যও দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এসব তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই তরুণ প্রজন্মসহ সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে এবং কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করতে হবে।


সভায় তথ্য অধিকার, সঠিক তথ্যপ্রাপ্তি এবং অপতথ্য প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ডিজিটাল যুগে তথ্যের সহজপ্রাপ্তির পাশাপাশি তথ্যের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়ক হতে পারে।


আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো. আকিকুর রেজার সভাপতিত্বে সভায় শাহ পরান কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন।


উল্লেখ্য, প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। ২০২৬ সালে বাংলাদেশে দিবসটির জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’। তথ্য কমিশন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com