সিলেট:
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বিদেশি একনলা বন্দুক, থানার মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা রাইফেল কার্তুজ ও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিপিএসসি, সিলেট।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর ২ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলের ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা রাইফেল কার্তুজ এবং দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
এসআরবি-৯ জানায়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য রয়েছে। উদ্ধার হওয়া বিদেশি একনলা বন্দুক এবং বিশেষ করে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা রাইফেল কার্তুজ ও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি ওই চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং হরিপুর এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয়ে এসআরবি-৯-এর গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানকারীদের কাছে থাকা অন্যান্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান এবং ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জিডিমূলে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।