Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৬ • ০৫:১৫ অপরাহ্ন

ঢাকা:

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।


রাজধানীর জাসদ কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক ও পুলিশি অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।


তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক প্রায় ২৮০ জনের মধ্যে বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রয়োজনীয় অনুসন্ধানের পর নাশকতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা করা হবে। কাউকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে অভিযানটি পরিচালনা করা হয়নি বলেও জানান তিনি।


কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামের একটি বিল্ডার প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে রাতে এক পক্ষ সেখানে গেলে স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার একটি অংশে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিও ছিল।


মন্ত্রী জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া এ ধরনের ঢালাও অভিযোগের আইনি ভিত্তি নেই। তিনি জানান, ভুক্তভোগী ব্যক্তি নিজেই বলেছেন, তাঁর কাছে কেউ চাঁদা দাবি করেনি। তবে তিনি লিখিত অভিযোগ বা মামলা করলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।


মিরপুরের শাহআলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটে যাওয়া ওই ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ঘটনায় ডিএমপি কমিশনারকে সরেজমিনে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে পুলিশ চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল।


ককটেল বিস্ফোরণ ও রাজপথের আন্দোলন নিয়ে এক নেতার সাম্প্রতিক বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে সার্বিক বিষয়টি মূল্যায়নের দায়িত্ব সচেতন জনগণের ওপর ছেড়ে দেন।


পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রে শুধু বদলি করাই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পুলিশ বাহিনীতে অপরাধ বরদাশত করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com