Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শিক্ষার্থীদের মোটিভেশন বেশি জরুরি’—সাবিরা সুলতানা এমপি

২৬ সেপ্টেম্বর ২০২৬ • ০৫:৩১ অপরাহ্ন

‘ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মোটিভেশন ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন সরকারের কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা।


তিনি বলেছেন, শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও মব সৃষ্টির মতো বিষয় থেকে সতর্ক থাকতে হবে। প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি অধ্যবসায় ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্তসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ ২২ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সাবিরা সুলতানা বলেন, ‘শিক্ষার্থীদের মোটিভেশন বেশি জরুরি।’ লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের অধ্যবসায়ী হতে হবে। নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে ভালো মানুষ হতে হবে। শিক্ষার আলো ছাড়া জীবনের সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়া কঠিন—তাই লেখাপড়ার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।


তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।


সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টি, অপপ্রচার ও বিভ্রান্তিকর অপতথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।


অনুষ্ঠানে সাবিরা সুলতানা আরও বলেন, শিক্ষা খাতে সরকার বরাদ্দ রেখেছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।


এ সময় তিনি একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, তারা জান্নাতের কথা বলে মানুষের সরল বিশ্বাসকে বিভ্রান্ত করছে। তবে তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি।


হাজিরবাগ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ। বিএনপি নেতা জামশেদ আলী ও আব্দুল হাই লাভলুর সঞ্চালনায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা সরদার শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মতিয়ার রহমান, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামির হোসেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির, অধ্যাপক আমিরুল ইসলাম, বিএনপি নেতা রিকাব উদ্দিন, আল আমিন ইউসুফ ও তমিজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নুরজাহান খাতুন ও রেদওয়ান হোসেন প্রমুখ।


উল্লেখ্য, বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজটি যশোরের ঝিকরগাছা উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। যশোর শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানের তালিকাতেও প্রতিষ্ঠানটির নাম রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com