Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে জনমনে অশান্তি সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতি ভবনে রুমেন অবস্থান করছেন—এমন খবর পেয়ে সেখানে সাদা পোশাকে পুলিশ সদস্যরা অবস্থান নেন। পরে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে থানায় নিয়ে গেলে পুলিশ গ্রেপ্তার দেখায়।


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় খায়রুল কবির রুমেন এজাহারভুক্ত আসামি।


সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে এবং নাশকতার চেষ্টার অভিযোগে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


প্রকাশিত তথ্য অনুযায়ী, খায়রুল কবির রুমেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য এবং এর আগে তিন দফায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com