সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটে কোন কোন খাতে নতুন ব্যবসা ও শিল্প গড়ে তোলা যায় এবং কীভাবে এসব খাত সম্প্রসারণ করা সম্ভব, তা ব্যবসায়ীদের সম্মিলিতভাবে চিহ্নিত করতে হবে। ব্যবসায়ীরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে সংগঠন পরিচালনা করা প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নেতৃত্ব তৈরি হলে তাদের প্রকৃত স্বার্থ ও প্রত্যাশা আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে।
এ সময় তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে কার্যকর ও প্রতিনিধিত্বশীল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, সিলেট রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহর। এ কারণে এখানে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে।
বিভিন্ন মেলা ও বাণিজ্যিক আয়োজনের বিষয়ে তিনি বলেন, এসব কার্যক্রমে সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন আয়োজন হলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে এসব কার্যক্রম পরিচালনা করা উচিত।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা শামা হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা আবদুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়েও সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।