Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২১ অপরাহ্ন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন’—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।


শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ডাকসুর সরকারি নির্বাচনী ফলাফলেও মো. আবু সাদিক (সাদিক কায়েম) ভিপি পদে নির্বাচিত হওয়ার তথ্য রয়েছে।


সাদিক কায়েম বলেন, শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা প্রয়োজন।


তিনি বলেন, ‘আমরা ডাকসুতে দায়িত্ব পাওয়ার পর গত এক বছরে দেখিয়ে দিয়েছি কীভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। ইনশাআল্লাহ, আমরা যখন আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেব, তখন ইনসাফের বাংলাদেশ গড়ব।’


সাদিক কায়েম আরও বলেন, ‘তখন সকল বঞ্চনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি ও দুর্নীতিকে সমূলে উৎপাটন করে দেব। সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তোমাদের মতো নবীন ছাত্র-ছাত্রীদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।’


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবনের শুরুতে নানা ধরনের রঙিন স্বপ্ন, স্লোগান, জৌলুস ও সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। তাই এসবের প্রতি আকৃষ্ট না হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।


তিনি বলেন, জীবনে মেধা ও মোটিভেশনের পাশাপাশি অধ্যবসায় ও পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। এইচএসসির দুই বছর কঠোর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, নবীন বরণ উৎসবের মাধ্যমে ছাত্রশিবির কোনো ‘ফ্যাশনেবল রাজনৈতিক সংস্কৃতি’ তৈরি করতে চায় না; বরং শিক্ষার্থীদের সচেতন করাই এ আয়োজনের উদ্দেশ্য।


কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জহির উদ্দিন, সাবেক দাওয়াহ সম্পাদক শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ ও ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com