Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

চা বাগানে ঘুরতে গিয়ে ফেরার পথে প্রাণ গেল দুই বন্ধুর

২৬ সেপ্টেম্বর ২০২৬ • ১২:৩৬ পূর্বাহ্ন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:


চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছিলেন দুই ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু সেই ঘোরাঘুরি শেষ হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ আব্দুল কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু উপজেলার চণ্ডী রামগঙ্গা চা বাগান এলাকায় ঘুরতে যান। সেখানে কিছু সময় কাটিয়ে বিকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।


পথে চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোহাদ্দিছ ও নয়ন প্রাণ হারান।


খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও টমটমটিও উদ্ধার করা হয়েছে।


চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


দুই বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন channeljaintanews24.com