জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় আগামী দিনে ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা সদরের রাজকুমারী ইরাদেবী মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
এরপর উপজেলা পরিষদ এলাকায় আয়োজিত পথসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার। সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ ও সাবেক সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম।
সভাপতির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, আগামী দিনে উপজেলা যুবদলের নেতৃত্ব নির্বাচনে ত্যাগী, সক্রিয় ও যোগ্য নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হবে। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যারা সাহসিকতার সঙ্গে রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করে উপজেলা যুবদলের কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল যুবদল গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে সক্রিয় ছিলেন, আগামী দিনে তাদের মূল্যায়নের মাধ্যমে তৃণমূল যুবদলকে আরও শক্তিশালী করা হবে। সংগঠনের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পথসভায় বক্তারা সিলেট জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আনন্দ মিছিল ও পথসভায় জৈন্তাপুর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রকাশিত তথ্যে জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদলে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।