Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা : পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

২৪ সেপ্টেম্বর ২০২৬ • ০৫:২৫ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের আল মাদরাসাতুল আরাবিয়া আদ দ্বীনিয়া খোজারখলা মারকাজে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো. আকিকুর রেজা।


সভায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি, সাধারণ ও বিপজ্জনক লক্ষণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


সভাপতির বক্তব্যে তথ্য অফিসার মো. আকিকুর রেজা ডেঙ্গুর সাধারণ ও বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। মশার কামড় থেকে সুরক্ষায় শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখে এমন পোশাক পরার পাশাপাশি গর্ভবতী নারী, নবজাতক ও শিশুদের দিনে ও রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি।


তিনি বাড়ির আশপাশে জমে থাকা পানি ও সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান। সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার পাশাপাশি নিজে সচেতন হওয়ার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।


সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


উল্লেখ্য, দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com