Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি অনলাইন ডেস্ক রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
দলীয় প্রতীক থাকছে না, চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার ও সদস্যদের ৫ হাজার টাকা

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার ও নারী সদস্যদের জন্য নির্ধারিত হলো প্রতীক

২৪ সেপ্টেম্বর ২০২৬ • ০৪:৪১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালা অনুযায়ী, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে দলীয় প্রতীক থাকছে না; ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।


ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা (সংশোধনী) প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান পদের জন্য ২০টি, সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১০টি এবং সাধারণ সদস্য পদের জন্য ১২টি প্রতীক নির্ধারণ করা হয়েছে।


চেয়ারম্যান পদের নির্ধারিত প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি ট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।


সাধারণ সদস্য পদের প্রতীকগুলো হলো—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।


সংরক্ষিত নারী সদস্য পদের জন্য নির্ধারিত প্রতীক হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।


বাড়ানো হয়েছে জামানত


নতুন বিধিমালায় ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণও বাড়ানো হয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীদের ৫ হাজার টাকা জামানত দিতে হবে। কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।


এ ছাড়া প্রার্থীদের সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রার্থীর নিজের দেশে ও বিদেশে থাকা সম্পদের পাশাপাশি নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণও দিতে হবে।


নির্বাচনী ব্যয়ের সীমাও নির্ধারণ


ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।


এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা থাকলেও বর্তমানে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ১৩ সেপ্টেম্বর তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।


তবে ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে হাইকোর্টে রুল জারি হয়েছিল। ২২ জুলাই জারি করা ওই রুলে চেয়ারম্যান প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে নির্দেশ দেওয়া হবে কি না, তা জানতে চাওয়া হয়। একই সময়ে নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রকাশনায় স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনসংক্রান্ত ২০২৬ সালের আচরণবিধিমালার গেজেটও প্রকাশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট বিধিমালাও প্রকাশ করেছে কমিশন।

বিজ্ঞাপন channeljaintanews24.com