Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

প্রবাসী কল্যাণমন্ত্রীর ২৩–২৮ সেপ্টেম্বর সিলেট সফর, থাকছে জৈন্তাপুর-কানাইঘাটসহ বিভিন্ন কর্মসূচি

২৩ সেপ্টেম্বর ২০২৬ • ০৪:২৬ অপরাহ্ন

সিলেট:

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট ও মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে মন্ত্রীর সফরসূচি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বরের চিঠির ভিত্তিতে সিলেট জেলা প্রশাসনের প্রটোকল শাখা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করেছে। 


সফরসূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে ঢাকা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে বিমানযোগে সিলেটে আসবেন মন্ত্রী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ বাসভবনে যাবেন। বিকেলে সিলেট সার্কিট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।


২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মন্ত্রীর কর্মসূচিতে গোলাপগঞ্জ ও গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে। এর মধ্যে উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন, গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন ও একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন রয়েছে। একই দিন বিএনপি, গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে।


২৫ সেপ্টেম্বর শুক্রবার সিলেট থেকে জৈন্তাপুর উপজেলার উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচিতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এডিপির বরাদ্দ থেকে বিভিন্ন সামগ্রী প্রদানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসি ও গ্রাম পুলিশের জন্য সাইকেল প্রদানের কর্মসূচি রয়েছে। পরে বিএনপির জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে সিলেটে ফিরবেন। রাতে সিলেট ডায়াবেটিক সমিতির সভায় অংশগ্রহণের কথাও রয়েছে।


২৬ সেপ্টেম্বর শনিবার সকালে কুশিয়ারা কনভেনশন সেন্টারে যাবেন মন্ত্রী। সেখান থেকে কানাইঘাট উপজেলার উদ্দেশে রওনা হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচিতে কানাইঘাটে সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন স্থানে উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। পরে সিলেটে ফিরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।


২৭ সেপ্টেম্বর রোববার সকালে সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়ে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে জেলা প্রশাসনের আয়োজিত আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন।


২৮ সেপ্টেম্বর সোমবার সকালে মৌলভীবাজার থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিমানবন্দরে উপস্থিতি ও আনুষ্ঠানিকতা শেষে বিমানযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং সকাল ১০টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে।


সিলেট জেলা প্রশাসনের ২২ সেপ্টেম্বরের চিঠিতে সফর উপলক্ষে পুলিশ, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ, এলজিইডি, বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে। 


সফরসূচির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিলেট সিটি করপোরেশন/জেলা পরিষদ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিমানবন্দর কর্তৃপক্ষ, গণপূর্ত ও অন্যান্য সরকারি দপ্তর রয়েছে। 

বিজ্ঞাপন channeljaintanews24.com