Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ওসমানীতে ভর্তি

ছাতকে গরু কেনার এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, হাসপাতালে মাসুক

২৩ সেপ্টেম্বর ২০২৬ • ১২:২০ পূর্বাহ্ন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে মাসুক মিয়া নামে এক ব্যক্তিকে মারধর করে সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মাসুক মিয়াকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মো. মদরিছ আলীর বাড়ির সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত মাসুক মিয়া একই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাদী মাসুক মিয়ার মামলা সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় তিনি দোয়ারাবাজার উপজেলার বালিউরা বাজারে গরু কিনতে যান। সেখানে গরু কিনতে না পেরে এক লাখ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।


অভিযোগে বলা হয়, জয়নগর গ্রামের মদরিছ আলীর বাড়ির সামনে পৌঁছালে ছয়জন ব্যক্তি তার পথরোধ করে মারধর শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।


আহত মাসুক মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের সরকুম আলীর ছেলে সমুজ আলী, সমুজ আলীর ছেলে রাকিব আলী, উসমত আলী, সাকিব আলী, আনফর আলীর ছেলে আলফু মিয়া এবং ফিরোজ আলীর ছেলে রাসুম মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় অভিযোগ দেওয়া হয়েছে।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com