Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিয়ানীবাজারে নারী সমাবেশ : জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের অগ্রাধিকার কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ন

সিলেট:

সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিয়ানীবাজার উপজেলার উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমন।


প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুর রহমান বলেন, গণমানুষের দোরগোড়ায় সরকারের বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের সমাবেশের মূল উদ্দেশ্য। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।


তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির তথ্য তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস কাজ করে যাচ্ছে। নারী সমাবেশের মাধ্যমে সরকারের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে, যা ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তিনি আরও বলেন, সচেতনতা তৈরিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন পর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে নারীরা জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।


সমাবেশে জেলা নিরাপদ খাদ্য অফিসার, স্থানীয় শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত নারীরা সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি, জনসচেতনতামূলক কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা শোনেন।


সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com