Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৬ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে শত বছরের পুরোনো একটি গ্রামীণ রাস্তা বন্ধের চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাস্তার বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে মৌলভীবাজারের বিজ্ঞ আদালত কর্তৃক নিযুক্ত কমিশন কর্মকর্তা সত্যজিত দত্ত পুরকায়স্থ এলাকায় গেলে স্থানীয়রা সেখানে জড়ো হন। এ সময় তারা দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে ব্যবহৃত রাস্তাটি বন্ধের আশঙ্কার কথা তুলে ধরে তাদের ক্ষোভ ও উদ্বেগের কথা জানান।


এলাকাবাসীর দাবি, রাজপাড়া গ্রামের ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে সর্বসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শত বছরের পুরোনো এই পথটি এলাকার মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম। তবে জায়গাটির মালিকানা নিয়ে বিরোধের সুযোগ নিয়ে একটি পক্ষ রাস্তাটি বন্ধের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের।


স্থানীয়রা জানান, রাস্তাটি বন্ধ হয়ে গেলে কয়েকশ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদ-মাদ্রাসায় যাতায়াতকারী মানুষ, রোগী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারীদের দুর্ভোগ বাড়বে। একই সঙ্গে শ্রীমঙ্গল শহরের সঙ্গে এলাকার সরাসরি যোগাযোগও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এই পথ ব্যবহার করে আসছেন। ফলে ব্যক্তিগত মালিকানা-সংক্রান্ত বিরোধের কারণে জনসাধারণের ব্যবহৃত পথ বন্ধ হয়ে গেলে তা এলাকার মানুষের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে।


এদিকে, ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। মামলাটিকে কেন্দ্র করে এরই মধ্যে কয়েকজনের কারাবরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে মামলার বিস্তারিত তথ্য ও আদালতের আদেশের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


স্থানীয়দের দাবি, আদালতের চলমান প্রক্রিয়ার মধ্যেই যেন কোনো পক্ষ রাস্তা বন্ধ বা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আদালতের কাছে তারা দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তাটির প্রকৃত অবস্থা এবং জনসাধারণের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায়সংগত সিদ্ধান্তের দাবি জানিয়েছেন।


স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, “শত বছরের ব্যবহৃত এই রাস্তা বন্ধ হলে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই কোনোভাবেই যেন রাস্তাটি বন্ধ না হয়।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com