স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরজুড়ে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে ২০৫ পিস ইয়াবা, ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারি এবং ৪৫০ পিস ভারতীয় ‘স্কিন শাইন’ ক্রিম।
এর মধ্যে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারি উদ্ধারের ঘটনাটি কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানের অংশ। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনাও রয়েছে।
ট্রাফিক পুলিশের অভিযানে ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৬৭টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।