Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে দুই দিনে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

১৫ সেপ্টেম্বর ২০২৬ • ০১:২২ অপরাহ্ন

সিলেট সীমান্তে পৃথক অভিযানে দুই দিনে প্রায় ৫০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ১৪ ও ১৫ সেপ্টেম্বর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ, মদ, চিনি, বিস্কুট, বিয়ারসহ বিভিন্ন পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারের সময় টি-শার্ট, রসুন, শিং মাছ ও নৌকা আটক করা হয়।


৪৮ বিজিবির পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজিবি জানায়, ১৫ সেপ্টেম্বর ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, সংগ্রাম ও কালাইরাগ বিওপির আওতাধীন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ ও মদসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়।


বিজিবির হিসাব অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৭২ হাজার টাকা।


এর আগের দিন ১৪ সেপ্টেম্বর বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও উৎমা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় জিরা, গরু, চিনি, বিস্কুট, কম্বল ও বিয়ারসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় টি-শার্ট, রসুন, শিং মাছ ও বারকী নৌকা আটক করা হয়।


১৪ সেপ্টেম্বরের অভিযানে আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৭৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


সব মিলিয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দিনে আটক করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ৫০ লাখ ৪৬ হাজার টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।


আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন channeljaintanews24.com