Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তার চাদরে সিলেট, মাঠে ১২০০ পুলিশ

১৪ সেপ্টেম্বর ২০২৬ • ১০:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে মহানগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) প্রায় ১ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার কাজে সাদা পোশাকের পুলিশসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটও মোতায়েন থাকবে।


এসএমপি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে পুলিশের বিশেষায়িত চারটি টিম কাজ করবে। এর মধ্যে রয়েছে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), বোমা ডিসপোজাল টিম, ড্রোন টিম ও স্ট্রাইকিং টিম। পাশাপাশি রাষ্ট্রপতির চলাচলের সম্ভাব্য রুট ও নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।


নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ১০৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।


রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।


বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে সিলেট সিটি করপোরেশনের সংবর্ধনাস্থল, বিমানবন্দর সড়ক, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা, হযরত শাহপরান (রহ.) মাজার এলাকা এবং সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো।


রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও বিশেষ চিকিৎসা ও জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন ইউনিটের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।


তিনি বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মোটামুটি পুরো সিলেট মহানগরী নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। একই সঙ্গে নগরীতে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে।


রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এ তথ্যও একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com