Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে নিয়ে আটকে রাখার অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি ::


ভারতের কাশ্মীরে কাজ দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পর সুনামগঞ্জের ছাতক উপজেলার তিন যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই তিন যুবকের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁদের স্বজনরা।


নিখোঁজ তিন যুবক হলেন—ছাতক উপজেলার সৈদেরগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে সোহেল মিয়া, একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে আয়াছ আলী এবং জালিয়ারপাড় গ্রামের আনছার আলীর ছেলে আলা উদ্দিন।


জানা গেছে, গত ২৮ জুলাই কাজের উদ্দেশ্যে ওই তিন যুবককে ছাতকের নিজ বাড়ি থেকে ভারতের কাশ্মীরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। তাঁদের পরিবারের অভিযোগ, কাশ্মীরে যাওয়ার পর প্রথমদিকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ থাকলেও একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়।


এ ঘটনায় সোহেল মিয়ার মা মোছা. সামতেরা বেগম একই গ্রামের বাসিন্দা ফারুক মিয়া ও তাঁর ছেলে ফাহিমের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন। একই অভিযোগে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসেও আবেদন করা হয়েছে।


অভিযোগে বলা হয়, তিন যুবকই দিনমজুর। এলাকায় কাজ করে তাঁরা জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা হওয়ায় পূর্বপরিচয়ের সূত্রে তাঁদের ভারতে কাজ দেওয়ার কথা বলেন। পরে আলোচনা করে ২৮ জুলাই তিন যুবককে বাড়ি থেকে ভারতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।


অভিযোগ অনুযায়ী, ঘটনার প্রায় এক সপ্তাহ পর ফারুক মিয়া ও তাঁর ছেলে ফাহিম নিখোঁজ যুবকদের স্বজনদের জানান, তাঁরা কারাগারে রয়েছেন। তাঁদের কারাগার থেকে বের করতে ৩০ হাজার টাকা প্রয়োজন বলে জানানো হয়। স্বজনরা ১৫ হাজার টাকা দেওয়ার পর পরবর্তীতে আরও ৪০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগকারীর দাবি, দাবিকৃত টাকা পরিশোধ না করলে নিখোঁজ যুবকদের হত্যা করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে।


সামতেরা বেগম জানান, তাঁর ছেলে সোহেল মিয়াসহ তিন যুবককে আটকে রেখে তাঁদের মুক্তির বিনিময়ে ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।


এ ছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সঙ্গে দেখা করে তিন যুবককে উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।


অভিযোগের বিষয়ে ফারুক মিয়া বলেন, তাঁর ছেলে ফাহিম বর্তমানে ভারতে রয়েছে। তবে তিনিও ফাহিমের সঙ্গে বর্তমানে যোগাযোগ করতে পারছেন না।


ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, সৈদেরগাঁও গ্রামের তিন যুবককে কাজের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া এবং সেখানে আটকে রেখে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি একজন কর্মকর্তা তদন্ত করছেন। অভিযোগটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।


এদিকে, নিখোঁজ তিন যুবকের পরিবার তাঁদের দ্রুত সন্ধান ও উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com