Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

আজমিরীগঞ্জে আদালতের হাজতখানা থেকে আসামি পলায়ন, কয়েক ঘণ্টায় ফের আটক

১৩ সেপ্টেম্বর ২০২৬ • ০১:১৪ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান কায়েস মিয়া (২৮) নামে এক আসামি। তবে পলায়নের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করেছে পুলিশ।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে। পুনরায় আটক হওয়া কায়েস মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আকিবুর মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ কায়েস মিয়াকে আটক করে আজমিরীগঞ্জ থানা-পুলিশ। পরদিন শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পাল তাকে আদালতের হাজতখানায় রেখে আসার পর কৌশলে সেখান থেকে পালিয়ে যান কায়েস মিয়া।


আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তৎপর হয়ে ওঠে। বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালানোর একপর্যায়ে শুক্রবার রাতেই উপজেলার শিবপাশা ইউনিয়ন এলাকা থেকে কায়েস মিয়াকে পুনরায় আটক করা হয়।


এদিকে আদালতের হাজতখানা থেকে আসামি পালানোর বিষয়ে জানতে কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, ২১ পিস ইয়াবাসহ আটক কায়েস মিয়াকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই তাকে শিবপাশা এলাকা থেকে পুনরায় আটক করে।


জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আফছর উদ্দিন আহমদও আদালতের হাজতখানা থেকে আসামি পালানোর ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে যাওয়া আসামিকে দ্রুত সময়ের মধ্যেই পুনরায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

বিজ্ঞাপন channeljaintanews24.com