Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জাফলংয়ে ট্রাক টার্মিনাল নেই, সড়কের দুই পাশে পার্কিংয়ে তীব্র যানজট

১৩ সেপ্টেম্বর ২০২৬ • ০২:৪২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:


সিলেটের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র জাফলংয়ে স্থায়ী ট্রাক টার্মিনাল না থাকায় সড়কের দুই পাশে যত্রতত্র ট্রাক পার্কিং করা হচ্ছে। এতে মোহাম্মদপুর থেকে মামার বাজার পর্যন্ত মহাসড়কে দিন-রাত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পর্যটক, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা।


স্থানীয়দের অভিযোগ, জাফলংয়ে প্রতিদিন বিপুলসংখ্যক বালু ও পাথরবাহী ট্রাক দেশের বিভিন্ন এলাকা থেকে আসা-যাওয়া করে। কিন্তু এসব ট্রাক রাখার জন্য নির্ধারিত কোনো স্থায়ী টার্মিনাল না থাকায় সড়কের দুই পাশেই গাড়ি পার্কিং করা হয়। এতে গুরুত্বপূর্ণ সড়কটি ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে।


জাফলং ট্রাক চালক সমিতির কার্যালয় ও আশপাশের বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির সামনে সবচেয়ে বেশি ট্রাক এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে স্থানীয় যানবাহনের পাশাপাশি পর্যটকবাহী বাস, পণ্যবাহী যান ও পথচারীদের চলাচলও ব্যাহত হচ্ছে। কয়েক মিনিটের পথ পাড়ি দিতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।


স্থানীয় শিক্ষার্থী ইয়ামিন বলেন, যানজটের কারণে অনেক সময় সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যায় না। বিশেষ করে পরীক্ষার দিনগুলোতে যানজট নিয়ে তাদের উদ্বেগ আরও বেড়ে যায়। পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও প্রতিদিনের এই বিশৃঙ্খলা পড়াশোনা ও স্বাভাবিক যাতায়াতকে দুর্বিষহ করে তুলেছে বলে জানান তিনি।


তরুণ শাহরিয়ার ইমন বলেন, মোহাম্মদপুর থেকে মামার বাজার পর্যন্ত সড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধ গাড়ি পার্কিংয়ের দখলে রয়েছে। এতে সড়ক সংকুচিত হয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি অবৈধ পার্কিংমুক্ত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান তিনি।


স্থানীয় বাসিন্দা রিপন আহমেদ বলেন, মোহাম্মদপুর থেকে মামার বাজার পর্যন্ত রাস্তার অনেক অংশ এখন ট্রাকের দখলে। সাধারণ মানুষের হাঁটার জায়গাও নেই। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মুমূর্ষু রোগীরা। যানজটে অ্যাম্বুলেন্স আটকে গেলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। জাফলং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখানে একটি ট্রাক টার্মিনাল না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


এ বিষয়ে জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি সবেদ মিয়া বলেন, বালু ও পাথর নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত ট্রাক জাফলংয়ে আসে। স্থানীয় ট্রাকসহ এ সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু নির্ধারিত কোনো ট্রাক টার্মিনাল না থাকায় চালকরা বাধ্য হয়ে সড়কের দুই পাশে গাড়ি রাখেন। চালকদের সচেতন করার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান ছাড়া এ সংকট দূর করা সম্ভব নয় বলে জানান তিনি।


তিনি দ্রুত জাফলংয়ে একটি স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ে স্থায়ী ট্রাক টার্মিনাল না থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ও পর্যটকদের যে ভোগান্তি হচ্ছে, বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে প্রশাসনের নজরদারি রয়েছে।


তিনি জানান, একটি স্থায়ী ট্রাক টার্মিনাল স্থাপনের লক্ষ্যে উপযুক্ত জায়গা নির্ধারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়দের দাবি, জাফলংয়ের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কের দুই পাশের অবৈধ পার্কিং বন্ধের পাশাপাশি একটি স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ করা জরুরি।

বিজ্ঞাপন channeljaintanews24.com