শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
শান্তিগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্স, আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
কেন্দ্রীয় কর্মসূচির পর শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শান্তিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সরকার ঘোষিত জাতীয় কর্মসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসাস হাবিব, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ মাসুম শেখ, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী কর্মকর্তা আতিউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রবীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক, ইউএনও কার্যালয়ের নাজির আবু বক্করসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
জাতীয় পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনও স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।