Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
লাইসেন্স-ফিটনেসসহ কাগজপত্র যাচাই, সড়ক আইন মেনে চলার আহ্বান

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

১২ সেপ্টেম্বর ২০২৬ • ১২:৩২ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুরে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ছয়টি মামলা দায়ের করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হাইওয়ে পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ছয়টি মামলা করা হয়। পরে এসব মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


অভিযানে তামাবিল হাইওয়ে থানা পুলিশ, জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।


অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।


প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি যানবাহনের কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে চালক ও মালিকদের সচেতন হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন channeljaintanews24.com