নিজস্ব প্রতিবেদক, সিলেট:
মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের মতো সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
কর্মসূচিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও চলমান সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে পদ-পদবির বিষয় নেই; সবাইকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে অংশগ্রহণ করতে হবে।
তিনি বলেন, প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচি সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার আরও বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হবে।
তিনি নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা ও সাঈদা পারভীন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
কর্মসূচির আয়োজকরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে জনসম্পৃক্ততা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।