Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
গুরুতর আহত ১২ জন ওসমানী মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ হয়নি

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী ও মহিলাসহ আহত ২০

১২ সেপ্টেম্বর ২০২৬ • ১১:৪০ পূর্বাহ্ন

ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী ও এক নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উভয় পক্ষের ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত পাঁচজনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, করছখালী গ্রামের মৃত সৈরত আলীর ছেলে আব্দুল খালিক ও মৃত আকুল আলীর ছেলে ফয়জুল হকের মধ্যে পূর্ববিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গয়ার হাওরে খালিক পক্ষের ছুরাব আলী ও ফয়জুল হক পক্ষের খালেদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।


পরে এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন গ্রামে ফিরে এসে দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সালিশকারীরাও আহত হয়েছেন বলে জানা গেছে।


গুরুতর আহতদের মধ্যে খালিক পক্ষের আরকান আলী, ছুরাব আলী, নুর আহমদ ও আব্দুল খালিকের স্ত্রী এবং ফয়জুল হক পক্ষের ফয়জুল হক, জিল্লুল হক, নুরুল হক, খালেদ মিয়া, পারভেজ ও আবুল হাসনাতসহ উভয় পক্ষের ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এছাড়া আহত সালিশকারী বিলাল আহমদ, আমির উদ্দিন, খছরু মিয়া, কাওছার আহমদ, চেরাগ আলী ও সাদিকুল ইসলামকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

বিজ্ঞাপন channeljaintanews24.com