Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি, সভাপতি শাহ মুনিম ও সম্পাদক এম ইয়াওর উদ্দিন

প্রবাসে সিলেটবাসীর ঐক্য ও অধিকার আদায়ে নতুন সংগঠন

১১ সেপ্টেম্বর ২০২৬ • ০১:০৩ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের মানুষের বিভিন্ন গণদাবি, অধিকার ও কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত সিলেট বিভাগ গণদাবী পরিষদ, যুক্তরাজ্য শাখার প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য গঠিত ৫১ সদস্যের এ কমিটিতে শাহ মুনিমকে সভাপতি, সলিসিটর এম ইয়াওর উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান কুরেশীকে কোষাধ্যক্ষ করা হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ জেপির সভাপতিত্বে এবং সলিসিটর এম ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে নবগঠিত ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শাহ মুনিম, সাধারণ সম্পাদক হিসেবে সলিসিটর এম ইয়াওর উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে মাহবুবুর রহমান কুরেশীর নাম ঘোষণা করা হয়।


সিলেটের গণদাবি তুলে ধরার প্রত্যয়


সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের মানুষের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সিলেটের বিভিন্ন যৌক্তিক গণদাবি, অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট মহলে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তারা বলেন, প্রবাসে বসবাস করলেও সিলেটের মানুষের সঙ্গে তাদের নাড়ির সম্পর্ক অটুট রয়েছে। সিলেট বিভাগের উন্নয়ন, মানুষের অধিকার ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রয়োজন। নবগঠিত সংগঠনটি সেই দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনটির কার্যক্রমকে জনকল্যাণমুখী করার আহ্বান জানান।


সাধারণ সভায় উপস্থিত অতিথিরা নতুন কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com