গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে দুই গ্রামের মানববন্ধন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙনের কবল থেকে ফসলি জমি রক্ষার দাবিতে সিলেটের গোয়াইনঘাটে মানববন্ধন করেছেন দুই গ্রামের ভুক্তভোগী বাসিন্দা ও কৃষকেরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে কর্মসূচিতে দুই গ্রামের সাধারণ মানুষ ও কৃষকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, আমিন ও ফারুকের নেতৃত্বে একটি প্রভাবশালী বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। তাদের অভিযোগ, এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং হাতির পাড়া ও পুকাশ গ্রামের শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, অব্যাহতভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর গতিপথ ও তীরবর্তী এলাকার ভাঙন আরও বাড়তে পারে। এতে দুই গ্রামের বিপুল পরিমাণ কৃষিজমি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে এলাকার মানুষের জীবন-জীবিকা ও কৃষিনির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
‘কৃষকেরা দিশেহারা’
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের আগ্রাসনে এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মাসুক আহমদ আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম ও ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নদীভাঙনের কবল থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণেরও জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষক ও স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। তাদের মতে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে নদীভাঙনের কারণে এলাকার কৃষিজমি ও মানুষের জীবন-জীবিকা আরও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।