Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

১০ সেপ্টেম্বর ২০২৬ • ০৯:০৪ অপরাহ্ন

ঢাকা: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে এ দুর্ঘটনা ঘটে।


প্রকাশিত প্রতিবেদন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।


নিহতরা হলেন—করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথি অনুযায়ী, নিহত চারজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের সবার বাড়ি সিলেট জেলায়। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।


নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।


এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।


এক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।


তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অসীম শোক ও কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

বিজ্ঞাপন channeljaintanews24.com