Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে খাদ্য তৈরিতে নানা অনিয়ম, দুই প্রতিষ্ঠানে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

০৯ সেপ্টেম্বর ২০২৬ • ০৪:০৫ অপরাহ্ন

সিলেট :

খাদ্য তৈরিতে নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে সিলেট মহানগরীর দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম বিসিক শিল্প এলাকা ও রায়নগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর সিলেট।


অভিযানের প্রথম পর্যায়ে খাদিম বিসিক শিল্প এলাকায় প্রাণ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেডে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য তৈরিতে ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহারের পাশাপাশি ব্যবহৃত কিছু মেটালে মরিচা পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


এরপর সন্ধ্যা ৭টার দিকে রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য উৎপাদনের পরিবেশ, প্লেট, যন্ত্রপাতিসহ বিভিন্ন স্থানে ময়লা ও মরিচা জমে থাকার বিষয়টি নজরে আসে। এছাড়া বেকারিতে পচা ও ভাঙা ডিম পাওয়া যায়।


অভিযানকালে আরও দেখা যায়, তৈরি খাবার ঢাকনাবিহীন অবস্থায় রাখা হয়েছে। ডাস্টবিনেও ছিল না কোনো ঢাকনা। অপরিষ্কার যন্ত্রপাতিতে দীর্ঘদিনের ময়লা জমে থাকার কারণে তা খাদ্যের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল।


এ ছাড়া বেকারির একটি খাবারের ওপর চনের মশলা পাওয়া যায়। সবচেয়ে গুরুতর অনিয়ম হিসেবে দেখা যায়, যে তারিখে খাবার তৈরি করা হয়েছে, প্যাকেটের গায়ে তার দুই দিন পরের তারিখ উল্লেখ করা হচ্ছিল।


এসব অনিয়ম ও নিম্নমানের খাদ্য তৈরির অভিযোগে নিউ মর্ডান সুরমা বেকারিকে নগদ ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফলে দুটি প্রতিষ্ঠানে অভিযানে সর্বমোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৭৫ হাজার টাকা।


অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ বলেন, অভিযানে খাদ্য তৈরির যন্ত্রপাতি ও প্লেটে ময়লা, পচা ও ভাঙা ডিম, খাবার ও ডাস্টবিনে ঢাকনা না থাকা এবং ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে। পাশাপাশি কিছু খাবারে মেয়াদসংক্রান্ত অসঙ্গতিও ছিল।


তিনি বলেন, এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com