সিলেট:
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতির সফরকে সুশৃঙ্খল, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়।
বুধবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয়। সফরকালে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন কর্মসূচিতে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন মন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাষ্ট্রপতির সিলেটে আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণ জানানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সভায় রাষ্ট্রপতির সফর উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রস্তুতি, সমন্বয় এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির সফরের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসবেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।