মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সিলেট প্রতিনিধি:
আগামী ১৫ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিন বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটের সব সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকা এবং অফিসের চারপাশ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া নগরীর রাস্তাসমূহ চলাচল উপযোগী রাখা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় নগরীর রাস্তার পাশের সিএনজি স্টেশনগুলো লালদিঘীর পাড়ে স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়। পাশাপাশি রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সমন্বিত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতির সিলেট সফর নির্বিঘ্ন করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।