Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৩৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বার্ষিক পরীক্ষার আগে বা পরে ইউপি নির্বাচন, তফসিল সেপ্টেম্বরে

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৩৫ অপরাহ্ন

 ঢাকা:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে নভেম্বরের শুরুতে প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।


নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ভোটের ধাপ, ইউনিয়নের সংখ্যা ও সময়সূচি নিয়ে আগামী সপ্তাহে পর্যালোচনা করে একটি কর্মপরিকল্পনা প্রকাশের প্রত্যাশা করছে কমিশন।


তিনি বলেন, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিলের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগেই নভেম্বরের শুরুতে প্রথম ধাপের ভোট আয়োজনের চিন্তা রয়েছে। তবে পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে ভোটের সময় পরিবর্তন করা হতে পারে।


প্রথমে ইউনিয়ন পরিষদে ভোট


বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।


দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সিংহভাগ ইউনিয়ন বর্তমানে নির্বাচন উপযোগী। সর্বশেষ ২০২১ সালের এপ্রিল, নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাত ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।


পরীক্ষার সূচি মাথায় রেখে ভোট


নির্বাচন কমিশনের জন্য এবারের ইউপি নির্বাচনে অন্যতম বিবেচনার বিষয় শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা। কারণ দেশের অধিকাংশ ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয় এবং শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।


নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নভেম্বরের মাঝামাঝি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে।


ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তার প্রস্তুতি


ইসি জানিয়েছে, ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের কাজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজও চলছে।


আগস্টে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৮৮ লাখ। এ ছাড়া প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।


নিরাপত্তায় সিসিটিভি ও বডি ক্যামেরা


ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি দায়িত্বশীল পুলিশ সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থাও থাকবে।


নির্বাচন কমিশনের লক্ষ্য, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ নিশ্চিত করা।


নির্দলীয় ভোট, কমবে পোস্টারের ব্যবহার


আগের ইউপি নির্বাচনগুলো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে নির্দলীয়ভাবে।


নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, স্থানীয় নির্বাচনের আচরণবিধিতেও জাতীয় সংসদ নির্বাচনের মতো বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে পোস্টার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রাখার বিষয়টি রয়েছে। আচরণবিধির গেজেট শিগগির প্রকাশ করা হবে বলেও জানান তিনি।


অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা


নির্বাচনকে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।


ইসি মনে করছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের ঝুঁকি তুলনামূলক বেশি থাকায় আগেভাগে অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন। সর্বশেষ ২০২১-২০২২ সালের ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় অন্তত ৯৫ জনের প্রাণহানির তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।


‘কোনো আইনি জটিলতা নেই’


ইউপি নির্বাচন আয়োজনে কোনো বড় ধরনের আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আইন ও বিধিমালার কিছু বিষয়ে সংশোধনের সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সংশোধন হলে তা বাস্তবায়ন করা হবে; তবে বিদ্যমান আইনেও নির্বাচন আয়োজন সম্ভব।


ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণা করে নভেম্বরের শুরু থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। আগামী সপ্তাহে ধাপভিত্তিক কর্মপরিকল্পনা প্রকাশের পর ভোটের সময়সূচি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com