Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে আবেদনের তিন-চার দিনেই মিলছে প্রতিকার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৪ অপরাহ্ন

 ঢাকা:

বিচারপ্রার্থী, আইনজীবী ও সেবা গ্রহীতাদের আইনি সেবা পাওয়ার পথ আরও সহজ করতে চালু হওয়া সুপ্রিম কোর্ট হেল্পলাইনে আবেদন ও অভিযোগ করে তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই প্রতিকার পাওয়ার নজির তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আবেদনের দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মামলা সংক্রান্ত তথ্য ও আইনি পরামর্শও দেওয়া হচ্ছে এ সেবার মাধ্যমে।


সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, লিখিত আবেদন করার মাত্র চার কার্যদিবসের মধ্যে মামলার সমন জারি সংক্রান্ত সমস্যার সমাধান পেয়েছেন ফরিদপুরের আলাউদ্দিন শিকদার। দ্রুত প্রতিকার পাওয়ায় তিনি হেল্পলাইন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সালেক সিভিল রিভিশন শাখায় একটি নথি দীর্ঘদিন খুঁজে না পাওয়ায় হেল্পলাইনে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর মাত্র তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হয়।


এ ছাড়া নোয়াখালীর লিংকন মিয়া লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের একটি মামলার নকল বা সার্টিফায়েড কপি পেতে বিলম্ব হওয়ায় সুপ্রিম কোর্ট হেল্পলাইনে অভিযোগ করেন। পরে হেল্পলাইন থেকে সংশ্লিষ্ট জেলার সঙ্গে যোগাযোগ করে মাত্র দুই কার্যদিবসের মধ্যে মামলার নকল সরবরাহের ব্যবস্থা করা হয়। দ্রুত সেবা পাওয়ায় তিনিও হেল্পলাইনের প্রতি কৃতজ্ঞতা জানান।


আট মাসে সাড়ে ছয় হাজারের বেশি কল


হেল্পলাইন মনিটরিং সেলের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা-সংক্রান্ত তথ্য ও অভিযোগ নিয়ে মোট ৬ হাজার ৫৫৪টি কল এসেছে।


এর মধ্যে আইনি পরামর্শের জন্য ৮৭০টি এবং মামলার তথ্য জানতে ১ হাজার ১৩০টি কল করা হয়েছে।


চালু রয়েছে কল, হোয়াটসঅ্যাপ ও অনলাইন সেবা


প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয় এবং চালু করা হয় ‘১০৩’ হেল্পলাইন।


বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইনের ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সেবা এবং ‘১০৩’ নম্বরে অনলাইন সেবা চালু রয়েছে।


সুপ্রিম কোর্ট হেল্পলাইনের মাধ্যমে দ্রুত সময়ে বিচারপ্রার্থী ও সেবা গ্রহীতাদের সমস্যার সমাধান হওয়ায় বিচারপ্রাপ্তির ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টদের তথ্য থেকে প্রতীয়মান হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com