Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন খলিলুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আগামী ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করবেন। এক বছরের মেয়াদে তিনি বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক ফোরামটির কার্যক্রমে সভাপতিত্ব করবেন।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ অধিবেশন ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর শেষ হবে। অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনের বিষয়টি ইতোমধ্যে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।


এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। গোপন ব্যালটে তিনি ৯৯ ভোট পান, আর তাঁর প্রতিদ্বন্দ্বী কাকুরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ব্যালট পড়েছিল।


জাতিসংঘের প্রতিষ্ঠিত আঞ্চলিক পর্যায়ক্রমের নিয়ম অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হন।


৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। এ অধিবেশনে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বৈশ্বিক সংকট, উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপক্ষীয় ব্যবস্থার কার্যকারিতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু আলোচনায় আসবে।


দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ড. খলিলুর রহমান ১৯৭৯ সালে বাংলাদেশের কূটনৈতিক সার্ভিসে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিনি ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। পরে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও কাজ করেন।


ড. খলিলুর রহমান ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন।


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমানের কূটনৈতিক ও বহুপক্ষীয় অভিজ্ঞতার প্রশংসা করা হয়। তাঁর দায়িত্ব পালনের সময় জাতিসংঘের ৮১তম অধিবেশনে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাঁর নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছে। চার দশক পর আবারও কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com