সিলেট, ৪ সেপ্টেম্বর: সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন এবং মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে সিলেট মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে ৮৭টি যানবাহন ডাম্পিং এবং ৭৬টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপির নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের নেতৃত্বে মহানগর পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে মহানগরের বিভিন্ন এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮৭টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ৭৬টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করা হয়।
এদিকে নিয়মিত ট্রাফিক ডিউটির অংশ হিসেবে হুমায়ুন রশিদ চত্বর এলাকায় যানবাহন নিয়ন্ত্রণকালে সার্জেন্ট রাজন পাল সঙ্গীয় ফোর্সসহ একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেন। সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট-থ-১২-৩৬১৮।
গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট ও সিগারেট দেখতে পাওয়া যায়।
উদ্ধার করা এসব ভারতীয় পণ্যের বিষয়ে চালকের কাছে সুস্পষ্ট কোনো বৈধ ডকুমেন্টস না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পণ্যসহ সিএনজি অটোরিকশাটি দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।